ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে গুরুত্বারোপ করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সংযোগ, সাইবার নিরাপত্তা এবং টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।