চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। আজ সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। সকালের দিকে পুরুষ ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য থাকলেও ধীরে ধীরে নারী ভোটারদের উপস্থিতি বাড়ছে।

ছবি- সালাউদ্দিন রাজু
ঢাকা ১৪ ও ১৬ আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় নারীরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। ঢাকা ১৪ আসনের বায়তুল মোশাররফ সিনিয়র মাদ্রাসা, মিরপুর ৬ এর কেন্দ্রে নির্বিঘ্নে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এ আসনে এবারই প্রথম ভোট দিচ্ছেন লাইসা নামের একজন গৃহিণী। তিনি ভোট দিতে এসেছেন পরিবার নিয়ে। ভোট দেয়া শেষে তিনি বণিক বার্তাকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। ভোট দেয়ার ক্ষেত্রে আগামীতে এমন সরকার চাচ্ছেন যারা দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য কাজ করবেন, এমন প্রার্থীকেই বেছে নিয়েছেন বলে জানান তিনি।

ছবি- সালাউদ্দিন রাজু
তানজিনা নামের আরেকজন ভোটার যিনি প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন। ভোট দেয়া শেষে তিনি জানান, জুলাই বিপ্লবের চেতনা যারা ধারণ করবেন, যারা দেশে ইনসাফ ও ন্যায় আনবেন বলে বিশ্বাস করেন, এরকম প্রার্থীকেই ভোট দিয়েছেন।
নারী-পুরুষ আলাদা লাইন ও কক্ষে ভোট দেয়ার পাশাপাশি মিরপুরের লালকুঠিতে দেখা গেছে নারী ভোটারদের জন্য আলাদা কেন্দ্র। লালকুঠির কাজী নজরুল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে শুধু নারী ভোটারাই ভোট দিচ্ছেন।

ছবি- সালাউদ্দিন রাজু
সরেজমিন ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভোট কেন্দ্রে একই চিত্র। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোয় তার আগেই ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

ছবি- সালাউদ্দিন রাজু
বিকাল সাড়ে ৪টায় শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে। ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোট কেন্দ্র।














