ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর থেকে সকাল আটটার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে।

তীব্র কুয়াশা কবলিত ওই অঞ্চলে আজ সকালে সাতটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে।

দুটি দুর্ঘটনা ও হতাহতের বিষয় নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা মো. টুটুল।

দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে এগারোটা নাগাদ যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানান, তীব্র কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পুর্ব প্রান্ত থেকে মির্জাপুর উপজেলার গোড়াই ওভার ব্রিজ পর্যন্ত অন্তত সাতটি সড়ক দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে করটিয়ার বাঐখোলা এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে একজন এবং মির্জাপুর উপজেলার মনসুর দুল্যা নামক স্থানে মালবাহী ট্রাক-বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১০ জন।

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, জামুর্কি সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা মো. টুটুল বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। হতাহতদের চিকিৎসা চলছে। নিহত দুজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।