নরসিংদীতে পুরনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

গুরুতর দগ্ধ শ্রমিকরা হলেন দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) ও সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়া আরো চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে অগ্নিদগ্ধ সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এর মধ্যে দুজনের শরীরের ৬০ শতাংশ এবং একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।