স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেফতার হয়েছে। তাদের ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপক্ষীয় যে চুক্তি রয়েছে, তার আওতায় দ্রুত তাদের ফেরত আনা যাবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃংখলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সব ঘটনাকে মব দাবি করা ভুল, অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে। তবে মবকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না সরকার, মব বন্ধে সরকার কাজ করছে। তিনি বলেন, সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পর পরই এ অভিযান শুরু হবে।
তিনি বলেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, সংঘবদ্ধ কোনো ক্রিমিনাল আইনের বাইরে থাকবে না। এটা এ সরকারের প্রতিশ্রুতি ও জনগনের প্রত্যাশা। অন্যান্য সব ক্ষেত্রেও যাতে দেশের মানুষ স্বস্তিতে থাকে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য স্বস্তিকর পরিস্থিতি নিয়ে আসতে পারি। আমরা সারা দেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি সেজন্য আমাদের কর্মকাণ্ড চালু থাকবে এবং এ বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ব্রিফিংয়ে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। সমুদ্র সৈকতকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে হবে এ সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই এখানে কোনো ধরনের ঝুঁপড়ি পলিথিন দোকান থাকতে পারবে না। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর বর্তমান সরকার। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান এবং একই সঙ্গে সারা দেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে সরকার।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ আসনের এমপি আলহাজ্ব লুৎফুর রহমান কাজল, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও পুলিশ সুপার সাজেদুর রহমানসহ কমিটির সদস্যরা।










