টাঙ্গাইলে খেলতে গিয়ে পুকুরে ডুবে সামিয়া আক্তার (৪) ও সিফাত মিয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাই-বোন ছিল। গতকাল বেলা ১১টার দিকে মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুদের মধ্যে সামিয়া ছানোয়ার হোসেনের মেয়ে ও সিফাত ফিরোজ মিয়ার ছেলে। ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশেই খেলা করছিল সামিয়া ও সিফাত। খেলতে খেলতে বাড়িসংলগ্ন পাকা রাস্তার পাশে পুকুরে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে পুকুরে খুঁজতে নামে গ্রামের কয়েকজন। পরে জাল ফেলে তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।










