১০ দলের সমঝোতা জোটের চাইতেও বেশী মজবুত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দশ দলে নির্বাচনী জোট নাকি সমঝোতা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমাদের এ সমঝোতাকে জোট বলুন আর নাই বলুন, এ সমঝোতা জোটের চাইতেও বেশি মজবুত।’
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘এটা আমাদের মজবুত নির্বাচনী সমঝোতা। আলোচনার মাধ্যমে ৩০০ আসনে প্রার্থী নির্ধারণ করেছি। আমাদের আসন সমঝোতা প্রায় সম্পন্ন। আলোচনার ভিত্তিতে বাকিটুকুও সমাধান করতে পারব বলে আশা করি।‘
তিনি বলেন, ‘আমরা আশা করছি সরকার ও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে। জাতি তাদের কাছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। এর ব্যতিক্রম জাতি মেনে নেবে না।’










