টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান "তারুণ্যের কণ্ঠ" অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত, সাংবাদিক সাইফুল ইসলাম সানি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাজরিন, শাকিরা, সুন্নাত, রেজওয়ান, সাদমান প্রমুখ।
বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক কার্যক্রমের কথা আলোচনা করেন। আগামী ২০ আগস্ট শনিবার রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা-ক ও এফএম ১০৬ মেগাহার্টজে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি প্রচারিত হবে।










