জুলাই আন্দোলনের পর নতুন করে দেশে রাজনৈতিক দল হোক, এমনটা তরুণ সমাজ চায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ছাত্ররা মেধা ও কোটার জন্য আন্দোলন করেছে। এরপর রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র মেরামতের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রাম করে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এক বছর পর শাহবাগে জুলাইযোদ্ধাদের মধ্যে পক্ষে-বিপক্ষে সংঘর্ষের ঘটনা আমাদের ব্যথিত করেছে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। তিনি প্রশ্ন রাখেন, যারা এই সংঘর্ষ করেছে তারা কি সত্যিকারের জুলাইযোদ্ধা? আন্দোলন তো শুধু শাহবাগে ছিল না, সারা দেশেই ছিল। তাই কিছু মানুষ যদি শুধু নিজেদের জুলাইযোদ্ধা দাবি করে অন্যদের বাদ দেয়, তাহলে জাতি বিভক্ত হয়ে যায়। আর এভাবেই ফ্যাসিস্টরা সুযোগ নেয়।
তিনি বলেন, সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। গুম, খুন, এমনকি হেলিকপ্টার থেকেও শিশু হত্যা করা হয়েছে। ছাত্র, সাধারণ মানুষ নিহত হয়েছেন। হাসিনা পালিয়ে গেছেন, অথচ এক বছরের মধ্যেই আমরা ঐক্য ধরে রাখতে পারছি না। দেশের মানুষ এ বিভক্তিকে ভালোভাবে নিচ্ছে না।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আবারো নির্যাতন নেমে আসবে। আমি, আপনি যদি নির্যাতিত হই সেটা এক বিষয়, কিন্তু সাধারণ মানুষ কেন আমাদের কারণে কষ্ট পাবে? এজন্য তিনি সব রাজনৈতিক দল ও নেতাদের প্রতি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার এবং দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান।
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, হাসিনার দৃশ্যমান বিচার এখনো হয়নি। তার নির্দেশে গুম, খুন হয়েছে। শিশুদেরও হত্যা করা হয়েছে। তিনি বলেন, হাসিনাকে ক্ষমা করার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার যদি তার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে জনগণের সরকার গঠিত হলে তার বিচার নিশ্চিত করবে। বিএনপির নেতৃত্বে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া এ বিচার করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা পিপি আহমেদ ফেরদৌস মানিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ আরো অনেকে।










