খাগড়াছড়ির রিচাং ঝরণা এলাকা সংলগ্ন জার্মপ্লাজম থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ বুধবার (২৬ জুলাই) ভোরে স্থানীয় জুম চাষীরা জার্মপ্লাজমের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশাপাশি দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানান জুমচাষীরা। পরে ঘটনাস্থলে যান তিনি ও পুলিশকে বিষয়টি জানান। 

খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন মাটিরাঙ্গা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। মরদেহের সুরতহাল শেষে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

প্রাথমিকভাবে ওই ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। দুজনের বয়স চল্লিশোর্ধ বলে ধারণা করছেন স্থানীয়রা।