মুন্সিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে বিচারকার্য চলাকালীন ব্লেডের পোঁচে মোহাম্মদ আলী (৫৭) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে আদালতের তৃতীয় তলায় রোকেয়া রহমানের এজলাসে শাহজালাল নামের এক ব্যক্তি এ হামলা চালান। পুলিশ হামলাকারী ও তার স্ত্রীকে আটক করেছে।
কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শাহজালাল সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ের মিরেস্বরাই এলাকার আলমাসের ছেলে। তিনি জেলা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকেন। তবে তিনি মাদকাসক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আদালত সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকাজ চলছিল। সে সময় আদালতের বারান্দা দিয়ে শাহজালাল নামে ওই ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন, সঙ্গে তার স্ত্রীও ছিলেন। দুপুর দেড়টার দিকে প্রথমে এজলাসের ভেতরে প্রবেশ করেন। পরে কক্ষের ভেতরে থাকা কোর্ট পুলিশের সদস্য মোহাম্মদ আলীর পিঠে হঠাৎ ব্লেড দিয়ে পোঁচাতে থাকেন। বিষয়টি লক্ষ্য করে আদালতে থাকা অন্য পুলিশ সদস্যরা শাহজালালকে আটক করেন। পরে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।










