যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ বহনকারী উড়োজাহাজটি যাত্রা করে।
মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোইং এ উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুবাই হয়ে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০মিনিটে বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
গত ১ মে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের খবর নিশ্চিত করে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস। এর পর ৬ মে টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ছাত্র-ছাত্রী, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যম প্রতিনিধিসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা।
গত ১৬ এপ্রিল দুই বাংলাদেশী পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। ২৪ এপ্রিল পুলিশ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এর দুইদিন পর বৃষ্টির মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়।
লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।










