কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিং। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। শুরুতে কৃষিমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান।

মন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে। বাংলাদেশ কানাডা থেকে নিয়মিত সার আমদানি করছে। একইসঙ্গে বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে কারিগরি সহযোগিতা ও পরামর্শ আরো বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, দেশের অর্গানিক কৃষির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। চরাঞ্চলে রফতানিমুখী কৃষি উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ খাতে কানাডার বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেশের অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

হাইকমিশনার, কানাডার কৃষিখাত সমৃদ্ধ। সেখানে ব্যাপক পরিমাণে কৃষিপণ্য উৎপাদিত হয়। তিনি জানান, তেলজাতীয় শস্য ক্যানোলা বাংলাদেশে রফতানিতে তার দেশ আগ্রহী।

তিনি আরো বলেন, কৃষি প্রযুক্তি, গবেষণা, কারিগরি সহযোগিতা এবং প্রাণিসম্পদ উন্নয়নের ক্ষেত্রে কানাডা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।