বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে। বিএনপির নেতা-কর্মীরা ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতো রমজানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন সাধারণ মানুষের পাশে ছিল তেমনি এখনো আছে এবং থাকবে। 

শনিবার (৬ এপ্রিল) ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার বিভিন্ন স্থানে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রথমে মোহাম্মদপুরের শ্যামলী সূচনা কমিউনিটি সেন্টারের পেছনে আজিজ মহল্লায় ঈদ সামগ্রী বিতরণ করেন। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লায়ন এমএ লতিফের উদ্যোগে এখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এর পর রায়ের বাজার কমিউনিটি সেন্টারে ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়া ৩৩ নং ওয়ার্ডে সেখানকার কাউন্সিলর আসিফ আহমেদ আয়োজিত এবং মোহাম্মদপুর টাউন হলে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুখসানা আলম আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করে ঈদ সামগ্রী বিতরণ করেন এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন। পরে তিনি আগারগাঁও-এ ২৮ নং ওয়ার্ড এলাকা এবং ৩২ নং ওয়ার্ডেও ঈদ সামগ্রী বিতরণ করেন।