শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। পরে আগামী ৪ অক্টোবর থেকে বন্দর দিয়ে আবারো আমদানি-রফতানি চালু হবে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পূজা উপলক্ষে সরকারি ছুটি পড়েছে দুই দিন, সঙ্গে রয়েছে সাপ্তাহিক ছুটি দুই দিন। তবে সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, কাস্টমস থেকে পত্র দিয়ে জানানো হয়েছে ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি থাকায় বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে ভারতের মহদিপুর রফতানিকারক সমিতি জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মহদিপুর বন্দরও বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, কাস্টমস ও মহদিপুর রপ্তানিকারক সমিতির পত্র তারা পেয়েছেন। বন্দর বন্ধের মধ্যেও অভ্যন্তরীণ পণ্য লোড–আনলোড, পরিবহন ও গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চলবে। সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমস খোলা থাকবে।
এদিকে, সোনামসজিদ ও মহদিপুর ইমিগ্রেশন পথে পাসপোর্টধারীদের যাতায়াত যথারীতি অব্যাহত থাকবে।










