বান্দরবানের থানচি উপজেলায় কাঠবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয় রাজ দাশ (২২) নামের এক পর্যটক নিহত হয়েছে। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বিদ্যামনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মহাজন বটতল গ্রামের অমল দাশের ছেলে।
পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম থেকে তিনটি মোটরসাইকেল যোগে পাঁচ বন্ধু বান্দরবান ভ্রমণ করতে আসে। সকাল সাড়ে ৯টার দিকে তারা থানচির উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিদ্যামনিপাড়া এলাকায় পৌঁছালে একটি কাঠ বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয় জয় রাজ দাশ। এরপর তার বন্ধুরা উদ্ধার করে একটি পিকআপ গাড়িতে করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা জহির উদ্দিন। তিনি বলেন, ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।










