স্মার্ট বাংলাদেশ বি‌নির্মাণে প্রধান অন্তরায় সুশাসনের ঘাট‌তি। সুশা‌সন প্রতিষ্ঠায় করণীয় কী? সাতক্ষীরার স্থানীয় দুজন সংসদ সদস্য‌ ও জেলা প‌রিষদ চেয়ারম্যানের কাছে এটা ছিল শিক্ষার্থীদের প্রশ্ন। উত্তরে জনপ্রতিনিধিরা বলেন, সর্বস্তরে সুশাস‌ন প্রতিষ্ঠার জন্যই স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্যোগ নেয়া হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে পারলে কোথাও দুঃশাসনের সুযোগ থাকবে না।   

গতকাল সাতক্ষীরা শিল্পকলা একাডে‌মি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীরা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ র‌বি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের কাছে এসব প্রশ্নসহ জেলার নানামুখী সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করে শিক্ষার্থীরা।

সংসদ সদ‌স্য মুস্তফা লুৎফুল্লাহর কাছে কলারোয়ার ‌বেত্রাবতী ব্রিজ নির্মাণ, উদ্বোধনের অপেক্ষায় থাকা তালা ফায়ার সার্ভিস স্টেশন, তালার খোলা জানালা ইকোপার্ক সম্প্রসারণ, কপোতাক্ষ নদের পাড়ে জলাবদ্ধতা নিরসনে গৃহীত টিআরএম প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা, সরকারি চাক‌রিতে ঘুসবাণিজ্য ও শিক্ষার নিম্নমুখী মান নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে বিষয়গুলো নিয়ে নিজের ও সরকারের অবস্থান তোলেন মুস্তফা লুৎফুল্লাহ।

প্রশ্ন-উত্তরে গোটা শিল্পকলা একডেমি মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। সাতক্ষীরার বি‌ভিন্ন শিক্ষাপ্র‌তিষ্ঠানের দুই শতা‌ধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই সংলাপে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এসএএম আবদুল ওয়াহেদের সভাপতিত্বে ও আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আমরা সংগঠনটির উপদেষ্টা শেখ হারুন-উর-র‌শিদ।