পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বাংলাদেশে নবনিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী এ প্রত্যাশার কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে ড. খলিলুর রহমান স্টিফেন রড্রিগেজকে বাংলাদেশে স্বাগত জানান এবং দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় ইউএনডিপি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’ এলডিসি থেকে উত্তরণের পর নতুন বাস্তবতায় সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সংস্থাটির পাশাপাশি জাতিসংঘ ব্যবস্থার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জবাবে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির অংশীদারত্ব আরো জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে টেকসই উন্নয়ন এগিয়ে নেয়ার ক্ষেত্রে দেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।
এ অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা এবং বৈশ্বিক পরিসরে দেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন তিনি।










