নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর এলাকায় ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র ফরিদ উজ্জামান রিফাত (২১) নিহতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গতকাল দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের একিয়ারকান্দা রেলক্রসিং এলাকায় এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে। এ সময় তারা ওই সড়কে বালিবাহী ট্রাক চলাচল বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অর্ণব সরকার, পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী, স্থানীয় বাসিন্দা কাজিম উদ্দিন, নাজিম উদ্দিন, মো. ফারুক হোসেন, কৃষক আলেক মিয়া, ব্যবসায়ী আবদুর রহমান, শিক্ষার্থী রনি খান, শফিকুল ইসলাম, জুয়েল মিয়া প্রমুখ অংশ নেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদ উজ্জামান রিফাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রিফাত তার বাবাকে ময়মনসিংহে চিকিৎসক দেখিয়ে একটি অটোরিকশা করে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তারা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা ফাজিলপুর বাজার এলাকায় পৌঁছান। এ সময় বালিবাহী ট্রাক তাদের চাপা দেয়।