বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

নাসির হোসেন চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্নালাল নন্দী জানান, সকাল সোয়া নয়টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতাসের গতি বাড়ার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে গেছে। ফলে যাত্রীদের নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।