রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের ৮৪ নতুন শিক্ষক অংশ নিচ্ছেন এ কর্মশালায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন হয়। আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। কর্মশালায় শিক্ষকতার নৈতিকতা, গবেষণা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ, পাঠ্যক্রমে সৃজনশীলতা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, এ কর্মশালার মূল উদ্দেশ্য একে অপরের কাছ থেকে শেখা। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, শিক্ষক হিসেবে দায়িত্ব বুঝে নিতে নতুন শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খানসহ আইকিউএসি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা ছিলেন।