রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দুর্গম চরে চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্কাছ ব্যাপারী নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছির চরে এ ঘটনা ঘটে। নিহত আক্কাছ ব্যাপারী পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত মৈজদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি ঢালারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম জানান, গতকাল দুপুর ১২টার দিকে আক্কাছ আলী তার ইউনিয়নের রাখালগাছি এলাকায় নদীর তীরে অবস্থান করছিলেন। এ সময় একটি ট্রলারযোগে এসে সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা আক্কাছ আলীকে কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে আবার ট্রলারযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।










