টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দোষী সাব্যস্ত না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের সৌরভ আহম্মেদ ওরফে হৃদয় (২৩) এবং মিজানুর রহমান (৩৭)। খালাস পেয়েছেন মেহেদী হাসান টিটু (২৭)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোপালপুর উপজেলার এসএসসি পরীক্ষার্থী খাদেজা খাতুনের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কৃষ্ণ চন্দ্র দাসের। গত বছরের ২ আগস্ট বেলা ১১টার দিকে নানীর বাড়ি যাবার কথা বলে খাদেজা বাড়ি থেকে বের হন। পরের দিন সকালে ভূঞাপুর উপজেলার বীর বরুয়া গ্রামের তারাকান্দি-ভূঞাপুর সড়কের যমুনা নদীর পাড়ে খাদেজার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। প্রথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ৬ আগস্ট নিহতের বাবা খোকন মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম বেরিয়ে আসে।
আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া প্রতিবেদনে নাম না থাকায় একজনকে অব্যাহতি দেয়া হয়। রায় ঘোষণার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত কৃষ্ণ চন্দ্র দাস, সৌরভ আহমেদ হৃদয় ও মিজানুর রহমানকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।










