ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুলঘর ধসে চার শিক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টির টিনশেড ঘরে পড়াশোনা শুরু হয়। দীর্ঘদিন আগে স্কুলটি পাশে আধাপাকা ভবনে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে টিনশেডের স্কুলঘরটি পরিত্যক্ত হয়ে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরাতন স্কুল ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ টিনের ঘরটি ভেঙে পড়ে। এতে ৪জন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। 

আহতদের স্বজনরা অভিযোগ করেন, পরিত্যক্ত এই ঘরটি ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি বার বার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। যার ফলে এই দুর্ঘটনা ঘটে।  ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠিয়ে দেয়।  এ বিষয়ে ১নং শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির সার্বিক তদন্ত চলছে।