নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ, আল আমিন নগর ও সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে থাকা ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মঙ্গলবার সকাল থেকে ভেকু (এক্সাভেটর) দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নদী দখল করে গড়ে তোলা জেটিসহ অবৈধ স্থাপনা, পাকা গোডাউনের বর্ধিতাংশ, ৩ তলা ভবনের বর্ধিতাংশ, ২টি সেমিপাকা গোডাউনসহ মোট ২৬টি স্থাপনা উচ্ছেদ করে নদীর কমপক্ষে আড়াই একর তীরভূমি দখলমুক্ত করা হয়েছে।
বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম- পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ কাজও দ্রুত শুরু করা হবে। সেই লক্ষ্যে নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা সকল প্রকার স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নদী দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।










