ময়মনসিংহে বাসচাপায় এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস ময়মনসিংহের দিকে আসছিল। বিকাল সাড়ে ৪টার দিকে চুরখাই এলাকা পর্যন্ত আসতেই যাত্রীবাহী একটি অটোরিকশাকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আশপাশের লোকজন আহত অবস্থায় দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি বলেন, ঘটনার পর পরই স্থানীয় লোকজন বাসটিকে আটকাতে পারলেও পালিয়েছে চালক। লোকজন ক্ষুব্ধ হয়ে চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে একপাশে যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে যানজট স্বাভাবিক করা হয়েছে।















