ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শসা চুরি করে খাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বড় হাটি সমাজের জুয়েল মিয়া তার বাড়ির পাশে শসার আবাদ করেন। কয়েকদিন ধরে রাতের বেলায় সেই শসা চুরি হয়ে যাচ্ছিল। পরে জানা যায়, সরকার বাড়ির মীর জালালের ছেলে হৃদয়-সহ ৫-৬ জন যুবক এই চুরির সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে বিচার ও সালিশ চাওয়ায় উভয় গোষ্ঠীর মধ্যে একটি উত্তেজনা চলছিল।

এর জেরে মঙ্গলবার সকালে সরকার বাড়ির লোকজন ও বড় হাটি সমাজের লোকজন বিস্তীর্ণ ফসলী মাঠে টেঁটা, বল্লম-সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, শসা চুরি করে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উভয় পক্ষের ৫-৬ জনকে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।