পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে ইমাম হোসেন (৬) ও আবু বকর (৪) নামে দুই সহোদর শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবু বকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে এক পর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবু বকরকে একই পুকুর থেকে জাল টেনে উদ্ধার করেন।
স্বজনরা মিলে দুই শিশুকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষণা করেন। মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায়তাঁতের কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত।
ধারণা করা হচ্ছে, এক ভাই পানিতে পড়ে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবহিত হয়েছেন।










