বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে লালমনিরহাটে ৩৬৩ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল লালমনিরহাট-বুড়িমারী রুটে কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী ৬৬ নম্বর ডাউন ট্রেনের প্রত্যেক বগির যাত্রীদের টিকিট নিরীক্ষা করা হয়। এ সময় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করায় ৩৬৩ যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নূর আলম জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্তৃপক্ষের নির্দেশে বুড়িমারী কমিউটার ট্রেনে ভ্রমণরত প্রত্যেক যাত্রীর টিকিট যাচাই করা হয়। এ সময় যারা টিকিট ছাড়া ভ্রমণ করছিলেন তাদের কাছে থেকে গন্তব্যস্থলের ভাড়া আদায় করা হয়।