ময়মনসিংহের ভালুকা উপজেলায় মোটরসাইকেলের চাপায় হাবেদ আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকবাড়ী-উথুরা সড়কের ভয়রারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবেদ আলী ভালুকার মেদুয়ারি ইউনিয়নের পানিভাণ্ডা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে মল্লিকবাড়ী-উথুরা সড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আবেদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।










