কুড়িগ্রামে টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও রিকশাচালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি।

কুড়িগ্রাম রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার।  আগামী দুইদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার আছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

রিকশাচালক আলম মিয়া জানান, বৃষ্টির কারণে রিকশা নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যাচ্ছে না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তিও আছে।

দিনমজুর আজিজ জানান, দুইদিন ধরে ঘরে বসে আছি। কাজকর্মে যেতে পারছি না। বৃষ্টি থামার  চিহ্ন নেই। পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছি।

অতিরিক্ত বৃষ্টিপাতে কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত এসব এলাকার মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া কৃষি অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. সুবল চন্দ্র রায় জানান, গত দুদিন ধরে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। আগামী আরো দুদিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।