দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ২১ ফেব্রুয়ারির পর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন তিনি।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। তবে আমাদের পরামর্শ স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। আর স্কুল-কলেজের যে সমস্ত ছেলে-মেয়েরা এখনো টিকা নেয়নি তারা দ্রুত সময়ের মধ্যে করোনার টিকার আওতায় আসতে হবে।
তিনি আরো বলেন , আমাদের লক্ষমাত্রার ৮৫ ভাগ মানুষকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। কাজেই সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি এখন অনেকটাই কমে গেছে। তবে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে গেলেই মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। সামাজিক আচার-অনুষ্ঠান সীমিতভাবে করার জন্য যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা মেনে চলতে হবে।
অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা.আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফর রহমানসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।










