ঢাকা-নবাবগঞ্জ-বান্দুরা সড়কে চলাচলরত বাস কোম্পনি এন মল্লিক পরিবহনের মালিক নার্গিস মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তাদের দাবি, এন মল্লিক পরিবহন বাসের চাকায় একের পর এক মানুষ পিষ্ট হয়ে মারলেও আহত ও নিহতদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। গতকাল বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাফিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলী মো. রমজান, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, ইব্রাহীম খলিল, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রানা, সাইফুল বারি শান্ত, দিপ্ত দেওয়ান, নাসির উদ্দিনসহ এন মল্লিক পরিবহনের বাসচাপায় নিহতদের পরিবারের সদস্যরা।