ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল বারেক (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ির ময়লাকান্দা এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।  নিহত আব্দুল বারেক ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আবদুল বারেকের সঙ্গে প্রতিবেশী জুলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে মামলা করে পরাজিত হন জুলু মিয়া। গতকাল  দুপুর ১২টার দিকে আবদুল বারেক বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এতে প্রতিক্ষের লোকজনের ছুরিকাঘাতে আবদুল বারেক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল বারেককে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান,  ঘটনার পর পুলিশ জুলু মিয়া ও তার ছেলে রূপক মিয়াকে আটক করেছে।