বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেজন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে। সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া, চলমান থাকবে। সেটির পাশাপাশি নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরি। সবকিছু সমানতালে চলবে, এখানে যারা বাধা দেবে, তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়। যারা সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাতে এ সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না।

শনিবার (৩ মে) বিকালে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশসহ সারা দেশে বিগত সরকারের সময় শিল্প খাতে দুর্নীতি, লুটপাট ও শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি আরো বলেন, পলাশের শতাধিক শিল্প কলকারখানা শুধু পলাশের মানুষের জন্য উন্নতি আনেনি, এনেছে সারা বাংলাদেশের জন্য। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ পলাশের শিল্পাঞ্চলকে একটি শ্মশানে পরিণত করেছিল। এখানে বিশ্বের সেরা শিল্প প্রতিষ্ঠানগুলোকে তারা ধংস করে দিয়েছিল। এ সময় জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি। এছাড়া দেশের ১৮ কোটি মানুষকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির সভাপতি মো. আল-আমিন ভূঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন ও ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।