ঝালকাঠিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. জালাল সিকদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। জালাল সিকদার ওই গ্রামের মৃত রশিদ সিকদারের ছেলে।

কেওড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. উজ্জল খান জানান, গতকাল সকালে কৃষক জালাল সিকদার বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। ফসলি জমির মধ্যে থাকা বৈদ্যুতিক খুঁটির টানা দেয়া সিলভারের তারের নিচ দিয়ে ট্রাক্টর নিয়ে আসা-যাওয়ায় সমস্যা হচ্ছিল কৃষক জালাল সিকদারের। তাই শাবল দিয়ে খুঁড়ে সেই টানা দেয়া সিলভারের তার উঠিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে পেঁচিয়ে রাখার চেষ্টা করেন তিনি। টানা দেয়া সিলভারের তারের সঙ্গে ৩৩ কেভি সঞ্চালন তারের সংযোগ হয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন জালাল সিকদার।

গুরুতর আহত হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।