ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মোহিত উর রহমান শান্ত। এছাড়া ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল পুনর্নির্বাচিত হয়েছেন।
গতকাল দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মহানগর ও জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষিত দুটি কমিটির সভাপতি ও সম্পাদকদের উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে সমর্থন জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সমাবেশের নামে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে। তিনি বলেন, আগুন নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে, ডিসেম্বরে খেলা হবে। আপনারা সমাবেশ করবেন সুশৃঙ্খলভাবে, মারামারি নয়। তবে
আমাদের ওপর আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কি না সেটা সময় বলে দেবে।
ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানই ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড। ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও আইভি রহমানসহ ২৩ জনের প্রাণহানির ঘটনার প্রধান নায়ক হলেন তারেক রহমান। আর তারেক রহমান লন্ডন থেকে হুংকার দিচ্ছেন রাজপথ দখলের। ১০ তারিখের অনেক আগেই পল্টনে তাঁবু টানাচ্ছে বিএনপি, হান্ডি-পাতিল আনছে। কোথায় পাচ্ছে এত টাকা। তাদের এ অর্থের উৎস খোঁজা হচ্ছে। হুংকার ছুড়ে সরকারের পতন ঘটানো যাবে না। বিএনপির হাওয়া ভবন ও দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।










