স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ, ওষুধ তৈরি এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও কথা বলেন উভয় প্রতিনিধি। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত প্রতিষেধক বা ভ্যাকসিন এবং ক্যান্সারের ওষুধ পাকিস্তানে রফতানির পরিমাণ আরো বাড়ানো যেতে পারে। একইসঙ্গে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।
সাক্ষাতে হাইকমিশনার দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে অঙ্গসংস্থাপন বা অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে বিভিন্ন সহযোগিতার প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনের ওপর বিশেষ প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের একটি চিকিৎসা প্রতিষ্ঠান (জিআইএমএস)। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরবর্তীতে বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচারে সহায়তা দেয়া এবং প্রযুক্তির মাধ্যমে দূর থেকে চিকিৎসা বা টেলিমেডিসিন সেবা দেয়ার প্রস্তাবও দিয়েছে।










