সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল ভোরে বেতিল বাজারে নজরুল ইসলাম মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও বেলকুচি থেকে আসা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল সার্ভিস ডিফেন্সের উপসহকারী পরিচালক মঞ্জিল হক জানান,
রোববার ভোরে নজরুল ইসলাম মার্কেটের সুব্রত কুমারের কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মার্কেটের আরো ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।










