জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের দিকে যদি অগ্রসর হয়, তবে সে নির্বাচন গণতন্ত্রের রূপায়ণ ঘটাতে সক্ষম হবে না।’ গতকাল রংপুরের হারাগাছে এক পথসভায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন বিভাগের সংস্কারগুলো বাস্তবায়নের দিকেই আমাদের মনোযোগ দেয়া প্রয়োজন। আমরা বারবার বলেছি, সরকার যে নির্বাচনের কথা বলছে, তা যেকোনো সময় আয়োজন করতে পারে। কিন্তু তার আগে সরকারের অবশ্যই পালনীয় কর্তব্য রয়েছে। সংস্কারগুলোকে বাস্তবায়ন করা, বিচার বিভাগকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা ও মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। এ জায়গাগুলোয় সরকার যত দ্রুত কাজ করতে পারবে, তত দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হতে পারবে।’

তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে, সে জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের দাবি আমরা অনেক আগেই থেকেই করে এসেছি। সরকার যেকোনো সময় গণপরিষদ নির্বাচন আয়োজন করতে পারে। সে ব্যাপারে আমরা সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাব।’

আগামী জাতীয় নির্বাচনে এনসিপি জোটে যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে আখতার বলেন, ‘জোট হবে কি হবে না, এ বিষয়গুলো নিয়ে এত দ্রুত ভবিষ্যদ্বাণী করা সত্যিকার অর্থে কঠিন। কারণ বাংলাদেশে জোটের রাজনীতি বা জোটভিত্তিক নির্বাচন হবে কি না হবে, সে বিষয়গুলো অনেকভাবে ঘটে যাচ্ছে। আমরা মনে করি, বাংলাদেশের মানুষের কাছে স্বতন্ত্রভাবে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। মানুষকে যে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি, দ্বিতীয় প্রজাতন্ত্রের কথা বলছি, সে ধারণাগুলোর সঙ্গে তারা একাত্ম হয়েছে। আগামীর বাংলাদেশ গঠন করতে এনসিপির সঙ্গে থেকে মানুষ আমাদের পথচলাকে এগিয়ে নিয়ে যাবে।’