বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এলো পাকিস্তানের লাহোর। অন্যদিকে বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। বুধবার (২৭ মার্চ ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার স্কোর ২১৩। বায়ুর এ মান খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। গতকাল ঢাকার অবস্থান ছিল ২৪তম আর স্কোর ছিল ৮৪।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) মাধ্যমে এসব তথ্য জানা গেছে ।
সকালে বিশ্বে বায়ুদূষণে প্রথম স্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৬৬।
আইকিউএয়ারের দেয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এ বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩২ গুণ বেশি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।









