বগুড়া-৬ (সদর) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু এবং বগুড়া-৪ আসনে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন জয়ী হয়েছেন। কেন্দ্রের ফলাফলের উপর নির্ভর করে এই ফলাফল নিশ্চিত হওয়া গেছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতি ছিল একেবারে কম। ভোটগ্রহণ কর্মকর্তারা বলছেন মাত্র ১৫ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন উপলক্ষ্যে বগুড়ার দুটি আসনেই ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানানো হয়েছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোট কেন্দ্রের সংখ্যা ১১২টি। আর ভোট কক্ষের সংখ্যা ছিল ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ ৪২টি। এই আসনে মোট প্রিসাইডিং কর্মকর্তা ছিল ১১২ জন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ এবং পোলিং অফিসার ছিলেন ১ হাজার ৫৫৪ জন।
বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। ভোট কেন্দ্র ছিল ১৪৩টি ও কক্ষ ১ হাজার ১৭টি। এ আসনে ১৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ১৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ২ হাজার ৩৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন।










