পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দেশে একটি দল আছে বিএনপি। তারা নানা সময় নানা কথাবার্তা বলে থাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার অভিযোগ এনে বিএনপি নেতারা যখন আওয়ামী লীগের ‘বিদায় ঘণ্টা বাজার’ কথা বলছেন। তারা বিদায় ঘণ্টা বলার কে? বিদায় ঘণ্টা হচ্ছে বাংলাদেশের মানুষের হাতে। আওয়ামী লীগের যদি বিদায় ঘণ্টা ভেজে যায় তাহলে আমরা বিদায় নিয়ে নেব। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে আমরা ক্ষমতা ছেড়ে চলে যাব। সুতরাং হুমকি-ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ সরকার কারো হুমকিকে ভয় পায় না।
গতকাল সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মিনা বাজারে ৯ কোটি ৯৯ লাখ টাকার অভ্যন্তরীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, জাতিসংঘের সদস্য বাংলাদেশ, কর্মচারী না, ভোট দেয়া না দেয়ার হিসাব আমরা করব আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে। মূলত দেশের স্বার্থের কথা চিন্তা করে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দেয়া থেকে বিরত ছিল বাংলাদেশ। শুধু আমরা একা নই, আরো অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে একই অবস্থানে গিয়ে ভোট দেয়া থেকে বিরত থেকেছে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি, আপনারা শান্তিপ্রিয় অবস্থানে গিয়ে সমঝোতা করুন। বাংলাদেশ যতটুকু পারে সাহায্য করবে।
দেশের উন্নয়ন নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, সেতু, কালভার্ট সবকিছু দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে। পিছিয়ে পড়া নারীদের কাজকর্মে প্রাধান্য দিতে হবে। এখন গোটা দেশ বিদ্যুতের আলোয় আলোকিত। আমরা স্বীকার করি কিছু লোক দুর্নীতি করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আপনি যে-ই হোন না কেন নিয়ম মেনে কাজ করতে হবে। আমাদের আরো অনেক কাজ বাকি। প্রচুর কাজ করব আমরা। সুুনামগঞ্জের জন্য ৩০০ থেকে ৪০০ কোটি টাকার একটা প্রকল্প হবে। সেটা গ্রামীণ জনপদের উন্নয়নে ব্যবহার হবে। এ কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা চাই পুরো জাতিকে নিয়ে এগিয়ে যেতে। আমরা আশা করব জাতীয় উন্নয়নে জাতি গঠনে, জাতীয় অগ্রগতিতে সবাই শামিল হবে।
দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধ ও সুবর্ণজয়ন্তী চত্বর উদ্বোধনী অনুষ্ঠানে পরবর্তী উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ।










