উৎপাদন বাড়াতে রবি মৌসুমে নয়টি ফসলের ওপর সিরাজগঞ্জে ৬২ হাজারের অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা দেবে সরকার। এক্ষেত্রে উচ্চফলনশীল বীজ ও সার বিনামূল্যে দেবে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মুগ ও মসুর ডাল, চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ ও খেসারি ডাল—এ নয় ফসলের (উন্নত জাতের) ওপর ৬২ হাজার ১৪০ প্রান্তিক কৃষককে এক বিঘা করে জমি আবাদের জন্য বীজ ও সার কৃষি প্রণোদনা হিসেবে দেয়া হবে। এর মধ্যে শুধু সরিষায় প্রণোদনা দেয়া হবে ৪১ হাজার ২০০ কৃষককে। এছাড়া গম আবাদে ১০ হাজার, ভুট্টা আবাদে ছয় হাজার, চিনাবাদাম আবাদে ১ হাজার ৮০০, মসুর ডাল আবাদে ১ হাজার ৩৮০, মুগডাল আবাদে ৪৮০, খেসারি ডাল আবাদে ৪০০, পেঁয়াজ আবাদে ৫০০ এবং সূর্যমুখী আবাদে ১৬০ কৃষক বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা হিসেবে পাবেন। প্রতিজন কৃষককে ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি ও প্রয়োজনমতো উন্নত জাতের বীজ দেয়া হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, রবিশস্য আবাদ ও উৎপাদন বাড়ানোর জন্য সরকার এবার সর্বোচ্চ পরিমাণ প্রণোদনা দিচ্ছে। জেলায় ডাল ও তেলবীজ উৎপাদন বৃদ্ধিসহ চলতি রবি মৌসুমে নয়টি ফসল আবাদের জন্য ৬২ হাজারের অধিক কৃষককে প্রয়োজনীয় বীজ ও সার প্রণোদনা হিসেবে দেয়া হবে, যা বিভিন্ন ফসলের নতুন জাত সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বাড়ানোয় বড় ভূমিকা রাখবে।