সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। সদর উপজেলার ঝাউডাঙ্গা ও কদমতলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজা উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সুজাউদ্দিন সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর রায়টা গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, নিহত সুজা সকাল ৮টার দিকে তার বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কলারোয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে ঝাউডাঙ্গা বাজারের রাধাগোবিন্দ মন্দিরের সমানে পৌঁছলে সড়কের পাশে দাঁড়ানো একজন মানসিক প্রতিবন্ধীকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।
এদিকে কদমতলায় আত্মীয়ের বাড়ির পাশে সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাশে খেলার সময় ইজিবাইকচাপায় নিহত হয়েছে পাঁচ বছরের শিশু অনীক হাসান। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। অনীক শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের খোকন বাবুর ছেলে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক নজরুল জানান, শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় একটি ভ্যানের ধাক্কায় ব্যাটরিচালিত ইজিবাইকটি শিশুটির ওপরে পড়ে। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। দুর্ঘটনার পরপরই ইজিবাইক ও ভ্যানটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানির ঘটনায় সাতক্ষীরা সদর থানায় দুটি মামলা হয়েছে।










