নরসিংদীর মাধবদীতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ ও কল-কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টাও বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি। এছাড়া বেশ কিছুদিন ধরে ব্যাপক হারে লোডশেডিং বাড়ার কারণে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহক। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় জনসাধারণের ভোগান্তির পাশাপাশি উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পাঞ্চল মাধবদীতে। বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ ও শ্রমিকরা। এ সময় ভাংচুর করা হয় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তরের কার্যালয়। পরে মহাসড়কে ব্যারিকেড দিয়ে পথরোধ করে রাখেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণণে পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। দফায় দফায় চলা সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহীদুল আলম সোহাগ জানান, সকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ-১-এর কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।










