মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেলপথে ট্রেনে কাটা
পড়ে মো. আক্কাস শেখ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল
৯টার দিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া স্টেশনের কেউটচিরা এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানী থেকে খুলনাগামী ট্রেন সুন্দরবন
এক্সপ্রেসের ধাক্কায় আক্কাস নিহত হন। তিনি উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা এলাকার
মৃত রফিক শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ট্রেন
লাইন ধরে হাঁটছিলেন আক্কাস শেখ। এসময় দ্রুতগতির সুন্দরবন এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনাস্থলে
তার মৃত্যু হয়।
চাষাবাদের জন্য জমিতে যাওয়ার পথে রেল
লাইন অতিক্রম করছিলেন আক্কাস। তখন দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শ্রীনগর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর
মাহফুজ রিগ্যান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর আগেই পরিবারের লোকজন মরদেহ
নিয়ে যায়। তবে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কোলাপাড়া ইউনিয়ন কেউটচিরা এলাকায় ট্রেনে ধাক্কায়
এক ব্যক্তি মৃত্যু হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা
নিশ্চিত করেছেন মাওয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইফুল ইসলাম।










