কুষ্টিয়ার কুমারখালী থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া পূবালী ব্যাংক কর্মকর্তা বাড়ি ফিরেছেন। পুলিশ বলছে, দাম্পত্য কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। এরপর গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাতে বাড়ি ফেরেন।

নিরুদ্দেশ হওয়া রাজিব আহমেদে (৪০) পূবালী ব্যাংকের কুমারখালী শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

গত ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে দাবি ছিল পরিবারের। ওই দিন রাতেই কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধনও করেন পরিবারের লোকজন।

গতকাল রাজিবের ফিরে আসার খবর স্ত্রী রায়হানা পারভীন  শ্বশুরবাড়ি ও পুলিশকে জানান। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে কুমারখালী থানায় নিয়ে যাওয়া হয়।

রায়হানা জানান, থানায় দায়ের করা জিডি তুলে নেয়ার পর পুলিশ রাজিবকে ভাইদের হাতে তুলে দেন। রাজিব এখন ভেড়ামারাতে তার ভাইদের কাছে রয়েছেন।

কুমারখালী উপজেলার শেরকান্দি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন রাজিব। তার দুটি শিশু সন্তান রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, পারিবারিক অশান্তির কারণে রাজিব আহমেদ স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তিনি মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত।

আরো জানান, নিখোঁজের পর রাজিব একাধিক সিমও ব্যবহার করেছেন। প্রযুক্তি ব্যবহার করে জানা গেছে, খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি হোটেলে অবস্থান করেছেন তিনি।