টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় প্রকৌশলী জাবের খান জনি (২৪) যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর সাইটে নিহত হয়েছেন। শনিবার
রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। এর আগে বিকালে কাজ শেষে তিনি কালিহাতী উপজেলার বিয়ারা মারুয়া এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
নিহত প্রকৌশলী জাবের খান জনি বঙ্গবন্ধু রেল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানির সাইট প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তিনি কালিহাতী উপজেলার খড়শিলা গ্রামের আইয়ুব আলী খানের ছেলে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাকলাইন ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকৌশলী জনি শনিবার বিকালে কাজ শেষে সেলফোনে কথা বলতে বলতে বিয়ারামারুয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।










