বাংলাদেশের সামরিক বাহিনীসহ সব খাতে সহযোগিতা ও বিনিময় জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। সেই সঙ্গে দেশটি বলেছে, আধিপত্য, সম্প্রসারণবাদ কিংবা প্রভাব বলয়ের রাজনীতির কোনো স্থান তাদের নীতিতে নেই। আজ বুধবার জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) আয়োজিত এক বক্তৃতায় এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনা দূতাবাস জানিয়েছে, এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শতাধিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা অংশ নেন।
বক্তৃতায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ফলপ্রসূ হয়েছে। সফরে দু'দেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরো উন্নীত করে নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি চীন ধারাবাহিকভাবে বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ নীতি অনুসরণ করে আসছে এবং বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশে উন্নয়ন অগ্রযাত্রাকে সহায়তা করতে সামরিক বাহিনীসহ দেশের সব খাতের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত বেইজিং।
চীন ধারাবাহিকভাবে স্বাধীন ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে। শান্তিপূর্ণ উন্নয়নের পথের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির প্রতিরক্ষা নীতিও শান্তির প্রতি সুস্পষ্ট অঙ্গীকারের ভিত্তিতে পরিচালিত হয় বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, আধিপত্য, সম্প্রসারণবাদ কিংবা প্রভাব বলয়ের রাজনীতির কোনো স্থান চীনের অভিধানে নেই। তিনি আরো জানান, বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে সমঅধিকারভিত্তিক ও সুশৃঙ্খল বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এবং সর্বজনীনভাবে উপকারী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।
একই সঙ্গে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-জিডিআই), বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ (গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ- জিএসআই), বৈশ্বিক সভ্যতা উদ্যোগ (গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ- জিসিআই) এবং বৈশ্বিক সুশাসন উদ্যোগ (গ্লোবাল গভার্নেন্স ইনিশিয়েটিভ) বাস্তবায়নের মাধ্যমে একটি অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে দেশটি।
বক্তৃতা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, চীন-ভারত সম্পর্ক, ব্রিকস এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।










